ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ


ঢাকাঃ চলতি বছরে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে চারটি দেশ।
দেশগুলো হলো—ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া। নতুন অভিবাসন নীতির কারণে এসব দেশে ভ্রমণে এখন আগাম ভিসা বা বিশেষ অনুমোদনের প্রয়োজন হবে।
সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান ৭৫তম থেকে নেমে ৮১তম হয়েছে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। গত বছর এ সংখ্যা ছিল ৫৭।
ইরানে স্থগিত ভিসা অব্যাহতি মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এতদিন সাধারণ ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারতেন। তবে ২০২৫ সালের নভেম্বরে দেশটি ভারতীয় নাগরিকদের জন্য ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে। ফলে এখন ইরান ভ্রমণের আগে ভিসা নিতে হবে।
বলিভিয়ায় চালু ই-ভিসা লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয়দের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। এখন দেশটিতে যেতে হলে ভ্রমণের আগেই অনলাইনে ই-ভিসার আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে।
ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ফলে দেশটিতে যেতে এখন আগাম ভিসা বা নির্ধারিত অনুমোদন প্রয়োজন হবে।
নিকারাগুয়ায় নতুন অভিবাসন নীতি গত ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর করেছে নিকারাগুয়া।
নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করা হয়েছে। তাদের 'সি' ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা 'কনসালটেড ভিসা' নামে পরিচিত। এর ফলে নিকারাগুয়ায় ভ্রমণের আগে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
অনুমোদন ছাড়া কোনো ভারতীয় নাগরিক উড়োজাহাজে উঠতে পারবেন না। নতুন এসব সিদ্ধান্তের ফলে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণে আগের তুলনায় কিছুটা বেশি আনুষ্ঠানিকতা অনুসরণ করতে হবে।










