বিশ্বকাপ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে আতিথেয়তা ও সেবা খাতে বাড়ছে কর্মী নিয়োগ


ঢাকাঃ চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে।
বিশেষ করে পাব, বার ও রেস্তোরাঁগুলোয় কর্মী নিয়োগের ধুম পড়েছে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) সাম্প্রতিক তথ্যে এ চিত্র উঠে এসেছে।
দেশটির সরকারি হিসাব অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন করে ১ লাখ ৭২ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। এর বড় অংশই এসেছে বিনোদন, আতিথেয়তা বা সেবা খাত (লেইজার অ্যান্ড হসপিটালিটি), স্থানীয় সরকার ও স্বাস্থ্যসেবা খাত থেকে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এসব নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়।
তবে এ সময় আর্থিক খাতে কর্মসংস্থান কিছুটা কমেছে ও সামগ্রিক বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশে অপরিবর্তিত রয়েছে।
নিউইয়র্ক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘দ্য রেড লায়ন’ রেস্তোরাঁর মালিক রেহান আলম জানান, বিশ্বকাপের সময় গ্রাহকদের উপচে পড়া ভিড় সামাল দিতে তিনি বাড়তি সাতজন কর্মী নিয়োগ দিয়েছেন। ৪ বছর আগে কাতারে বিশ্বকাপের সময়ও তাদের ব্যবসায় ব্যাপক চাপ সৃষ্টি হয়।
রেহান আলম বলেন, ‘৪ বছর আগের বিশ্বকাপে পরিস্থিতি কতটা জমজমাট হবে তা আমরা ধারণা করতে পারিনি। তবে এবার আমরা আগে থেকেই ফুটবলপ্রেমীদের জন্য ৭টি নতুন টেলিভিশন বসিয়েছি ও সাউন্ড ইঞ্জিনিয়ার দিয়ে পুরো ভেন্যু প্রস্তুত করেছি। সেই সঙ্গে কর্মী সংখ্যাও বেশ বাড়াতে হয়েছে।’
ব্যবসায়ীরা জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি খরচ ও অন্যান্য বিলের ওপর বড় প্রভাব পড়েছে। এমন সময় বিশ্বকাপের এ আসর ব্যবসা সচল রাখতে বড় ধরনের আর্থিক জোগান দেবে।
শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, মে মাসে শুধু বিনোদন ও সেবা খাতেই ৭০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। অন্যদিকে এর আগের বছর এ খাতে প্রতি মাসে গড়ে ১৪ হাজার কর্মী নিয়োগ পেতেন।
অর্থনীতিবিদরা মে মাসে এক লাখ পাঁচ হাজার নতুন কর্মসংস্থানের পূর্বাভাস দিয়েছিলেন। তবে বাস্তব চিত্র সে ধারণাকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি গত মার্চ ও এপ্রিলে কর্মসংস্থানের আগের হিসাবও সংশোধন করা হয়েছে। নতুন হিসাবে ওই দুই মাসে আরো ৯৩ হাজার কর্মসংস্থান যুক্ত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচের মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে কর্মী নিয়োগের ধারা বেশ শক্তিশালী রয়েছে।


