ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

নীলফামারী: ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ রোববার (৮ ডিসেম্বর)দুপুর ১২টা থেকে উড়োজাহাজ চলাচল শুরু হয়।
এর আগে সকাল ৭টা থেকে ঘন কুয়াশার কারণে শিডিউল অনুযায়ী এয়ার এসট্রা (৭-১৫ মি.), ইউএস-বাংলা (১০-১০ মি.), নভোএয়ার (১০-৩০ মি.) ও বাংলাদেশ বিমান (১১-৩০ মি.) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এতে ৪টি ফ্লাইটের ঢাকাগামী আড়াই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, উত্তরের জেলা নীলফামারীতে আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন শনিবার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, শনিবার রাত সাড়ে ১০টা থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৫০ মিটার। পরে কুয়াশা কেটে সাড়ে ১০টায় তা বেড়ে ১০০০ মিটারে গিয়ে দাঁড়ায়। দুপুর ১২টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসে।
বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। দুপুর ১২টার দিকে তা স্বাভাবিক হয়। তবে কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
-B










