আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ
ফুটবলে মাঠে নামল ১৬টি এয়ারলাইন্স


ঢাকাঃ রাজধানীতে শুরু
হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। ‘ওয়ান স্কাই, ওয়ান
ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে
অংশ নিয়েছে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
হবে ৪ জুলাই।
৩ জুলাই ঢাকার গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো।

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) টুর্নামেন্টটির
আয়োজন করেছে। এর টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।
আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ, এটিজেএফবির সভাপতি
তানজিম আনোয়ার প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।





