জিডিপিতে পর্যটনের অবদান ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের : পর্যটনমন্ত্রী


ঢাকা : দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত টুরিজম মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে।
এ ছাড়া দেশব্যাপী ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (টিএসএ) বাস্তবায়নসহ পর্যটন খাতের তথ্যভিত্তিক উন্নয়নের নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রবিবার (২ আগস্ট) রাজধানীর গুলশান ক্লাবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। এ জন্য বিদ্যমান তথ্যের ঘাটতি দূর করতে ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি এ কাজে টিওএবিসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সরকারের উদ্যোগে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ট্যুরিজম মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এটি দেশের পর্যটন উন্নয়নের দীর্ঘমেয়াদি রোডম্যাপ হিসেবে কাজ করবে।
মন্ত্রী আরো বলেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ ও পর্যটন শিল্প সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলে বিশেষ মূল্যছাড় চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
নবনির্বাচিত টিওএবি কমিটিকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, নতুন নেতৃত্ব দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউছার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কাইংলেট, শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা ওয়েরাক্কোডি, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান, নেপাল ও পাকিস্তান দূতাবাসের প্রতিনিধিসহ পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










