কেনিয়ায় বিমানবন্দর কর্মীদের ধর্মঘট প্রত্যাহার


ঢাকা : কেনিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ২ দিন অচল করে দেওয়া ধর্মঘট প্রত্যাহার করেছেন দেশটির উড়োজাহাজ চলাচল খাতের কর্মীরা।
দেশটির বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ধীরগতিতে কাজ করার প্রতিবাদ কর্মসূচি পালন করায় রাজধানী নাইরোবিসহ পূর্ব আফ্রিকার দেশটির অন্যান্য বিমানবন্দরে কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। নাইরোবি থেকে বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
নতুন যৌথ দরকষাকষি চুক্তি এবং স্বেচ্ছাসেবী কর্মী ব্যবহারের অবসানের দাবিতে উড়োজাহাজ চলাচল খাতের ইউনিয়নগুলোর ধারাবাহিক ধর্মঘট ও কার্যক্রম বন্ধের হুমকির মধ্যে এটি ছিল সর্বশেষ ধর্মঘট।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, যৌথ দরকষাকষি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। শিল্প বিরোধের কর্মসূচি থেকে উদ্ভূত কারণে কর্মীদের ‘হয়রানি না করার’ বিষয়েও সমঝোতা হয়েছে।
নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র। কেনিয়ার পর্যটন ব্যবসার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।










