কানাডার বৃহৎ উড়োজাহাজ সংস্থা ওয়েস্টজেটের ধর্মঘটের ডাক


ঢাকা: কানাডার অন্যতম বৃহৎ উড়োজাহাজ সংস্থা ওয়েস্টজেটের প্রায় ৪,৪০০ ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ৭২ ঘণ্টার ধর্মঘটের নোটিশ দিয়েছে।
ফলে ব্যস্ত গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির সপ্তাহান্তে উড়োজাহাজnচলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ জানিয়েছে, ধর্মঘটের নোটিশ পাওয়ার পর ওয়েস্টজেটও কর্মীদের জন্য ৭২ ঘণ্টার লকআউট নোটিশ জারি করেছে।
তবে ধর্মঘটের নোটিশ দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু হচ্ছে না। উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে আগামীকাল রবিবার (১ আগস্ট) থেকেই ধর্মঘট শুরু হতে পারে।
সম্ভাব্য অচলাবস্থার কথা বিবেচনায় রেখে ওয়েস্টজেট জানিয়েছে, ৩০ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে যাদের ভ্রমণের সূচি রয়েছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই একবারের জন্য ফ্লাইট পরিবর্তন বা বাতিল করতে পারবেন।
ইউনিয়নের দাবি, মাটিতে বিভিন্ন দায়িত্ব পালনসহ বেশ কিছু কাজের জন্য ফ্লাইট অ্যাটেনডেন্টদের পারিশ্রমিক দেওয়া হয় না।
অন্যদিকে ওয়েস্টজেটের দাবি, ঘণ্টাভিত্তিক মজুরির পরিবর্তে ‘ক্রেডিট আওয়ার’ পদ্ধতিতে সব ধরনের দায়িত্বের জন্যই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হয়।
ওয়েস্টজেট প্রতিদিন ৬০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে এবং ব্যস্ত সময়ে প্রতিদিন ৭০ হাজারেরও বেশি যাত্রী পরিবহন করে। তাই ধর্মঘট শুরু হলে দেশজুড়ে হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।










