দক্ষিণ এশিয়ার সেরা এয়ারলাইনসের তালিকায় ইউএস-বাংলা


ঢাকাঃ আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে দেশের প্রধান বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ২০২৪ ও ২০২৫ সালে একই ক্যাটাগরিতে ইউএস-বাংলা পঞ্চম অবস্থানে ছিল। ফলে টানা ৩ বছর দক্ষিণ এশিয়ায় সেরার তালিকায় রয়েছে প্রতিষ্ঠানটি।
ইউএস-বাংলা জানিয়েছে, স্কাইট্র্যাক্সের টানা ৩ বছরের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান ও যাত্রীসেবার ধারাবাহিকতার প্রতিফলন।
২০২৪ সালের পঞ্চম অবস্থান থেকে ২০২৬ সালে চতুর্থ অবস্থানে উন্নীত হওয়াকে আন্তর্জাতিক বাজারে তাদের দৃশ্যমানতা বৃদ্ধির একটি সূচক হিসেবে দেখছে এয়ারলাইনসটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, উড়োজাহাজের বহর বাড়ানো, যাত্রীসেবার মানোন্নয়ন ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতে নিজেদের কার্যক্রম আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।










