জ্বালানির চড়া দাম : যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী উড়োজাহাজ ভাড়া


ঢাকা : জ্বালানির দাম, ভূরাজনৈতিক উত্তেজনা ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে চাপে রয়েছে উড়োজাহাজ পরিবহন খাত। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে যুক্তরাষ্ট্রে।
সেখানে উড়োজাহাজ ভাড়া এক বছরের ব্যবধানে ২৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। বড় এয়ারলাইনসগুলোর ধারণা, শক্তিশালী যাত্রী চাহিদার কারণে শিগগির ভাড়া কমার সম্ভাবনা নেই। খবর সিএনবিসি।
অনেকের ধারণা ছিল, জ্বালানি তেলের দাম কিছুটা কমলে উড়োজাহাজ ভাড়াও কমবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতে, জ্বালানির দাম ওঠানামা করলেও ভাড়া কমার সম্ভাবনা খুবই কম। কারণ জ্বালানির পাশাপাশি শ্রম, রক্ষণাবেক্ষণ, বিমানবন্দর ফি ও অন্যান্য পরিচালন ব্যয়ও বেড়েছে। একই সঙ্গে যাত্রী চাহিদা এখনো শক্তিশালী রয়েছে। ফলে উচ্চ ভাড়া ধরে রাখছে এয়ারলাইনসগুলো।
সাম্প্রতিক মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, গত জুনে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ ভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ভাড়া বাড়লেও যাত্রীরা ভ্রমণ কমাচ্ছেন না। বরং উচ্চমূল্যে টিকিট কিনেই ভ্রমণ চালিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতি অন্তত চলতি বছরের বাকি সময়ও অব্যাহত থাকবে বলে মনে করছে বড় এয়ারলাইনস কোম্পানিগুলো।
এর প্রতিফলন দেখা গেছে যাত্রীদের আচরণেও। নিউইয়র্ক থেকে শিকাগো যাওয়ার জন্য মার্জোরি অ্যারান ও তার স্বামী সম্প্রতি ইকোনমি শ্রেণীর টিকিটে মোট ৮০০ ডলার ব্যয় করেছেন। কয়েক বছর আগেও একই পথে কয়েকশ ডলারেই যাওয়া যেত। ভাড়া বেশি হওয়ায় ভ্রমণ বাতিল করবেন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যারন বলেন, তাদের পক্ষে এ খরচ বহন করা সম্ভব। তাই সফর বাতিলের কথা ভাবেননি। এয়ারলাইনসগুলোর ধারণা, এমন মনোভাবই এখনো অধিকাংশ যাত্রীর মধ্যে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইনসগুলোর ব্যয় শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক সময়ে কর্মীদের বেতন, বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় ও বিমানবন্দর ব্যবহার ফি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ইউনাইটেডের প্রধান নির্বাহী স্কট কিরবি বলেন, ‘শ্রম ব্যয় ও রক্ষণাবেক্ষণ ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। এসব ব্যয় সব এয়ারলাইনসকেই বহন করতে হয়। তাই ভাড়া না বাড়িয়ে উপায় নেই।’
বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম এখনো সবচেয়ে বড় অনিশ্চয়তা। কর্মীদের বেতনের পর জ্বালানিই এয়ারলাইনসগুলোর সবচেয়ে বড় ব্যয়। চলতি বছর জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় পুরো শিল্পই চাপে পড়ে। ব্যয় নিয়ন্ত্রণে অনেক প্রতিষ্ঠান বিভিন্ন রুট ফ্লাইট কমিয়েছে। এতে যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের সংখ্যা কমে গেছে। ফলে বেড়েছে ভাড়াও।
এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জি প্ল্যাটসের তথ্যানুযায়ী, গত এপ্রিলে চার বছরের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর জেট ফুয়েলের দাম কিছুটা কমেছে। তবে ২৮ ফেব্রুয়ারির তুলনায় দাম এখনো প্রায় ৫০ শতাংশ বেশি। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত শুরু হয়। এর প্রভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হয় ও বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়।
শুধু জুলাইয়ের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যেই ইউনাইটেডের জ্বালানি ব্যয় আরো ৫৭ কোটি ৫০ লাখ ডলার বেড়েছে। এর প্রভাব কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আয়েও পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আমদানিনির্ভর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে জ্বালানি সংকটের আশঙ্কায় গত মে মাসে সাউথওয়েস্ট প্রায় ১ কোটি ২০ লাখ গ্যালন জেট ফুয়েল জাহাজে করে টেক্সাসের হিউস্টন থেকে পানামা খাল হয়ে লস অ্যাঞ্জেলেসে পাঠায়। কোম্পানিটির ইতিহাসে এটাই ছিল সমুদ্রপথে দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে জেট ফুয়েল পাঠানোর প্রথম ঘটনা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে জেট ফুয়েলের দাম প্রতি গ্যালন প্রায় ৩ ডলার ৬০ সেন্ট, এপ্রিলে যা ছিল ৪ ডলার ৭৮ সেন্ট। তবে অঞ্চলভেদে সরবরাহ পরিস্থিতির কারণে দাম ভিন্ন হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোয় মার্চে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে শিল্প সংগঠন এয়ারলাইনস ফর আমেরিকা। আমালফি জেটসের তথ্যমতে, ইরান সংঘাত শুরুর পর থেকে চার্টার্ড উড়োজাহাজের দাম গড়ে ৫-১৫ শতাংশ বেড়েছে, যা কোনো কোনো ক্ষেত্রে ২০ শতাংশে ঠেকেছে।
বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েক মাসে বোঝা যাবে, চড়া ভাড়া দিয়েও যাত্রীরা আগের মতো ভ্রমণ করছেন কিনা। গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম শেষ হওয়ার পর যাত্রী চাহিদা কমে গেলে এয়ারলাইনসগুলোর জন্য বাড়তি ব্যয় যাত্রীদের ওপর চাপিয়ে দেয়া কঠিন হতে পারে। তবে আন্তর্জাতিক রুটে অনেক যাত্রী এখন ভিড়, অতিরিক্ত গরম ও বেশি ভাড়া এড়াতে শরৎকালসহ তুলনামূলক কম ব্যস্ত সময়ে ভ্রমণ করছেন। তার পরও এয়ারলাইনসগুলোর শক্তিশালী চাহিদা, উচ্চ পরিচালন ব্যয়, জ্বালানির অস্থির দাম ও বাজারে কম প্রতিযোগিতার কারণে অদূরভবিষ্যতে উড়োজাহাজ ভাড়া উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা খুবই কম বলে উঠে এসেছে প্রতিবেদনে।










