বাজেট অধিবেশন শুরু আজ


ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।
আজ রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে এই বাজেট অধিবেশন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট ২০২৪ সালের জুন মাসে সর্বশেষ সংসদে পেশ করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়।
এরপর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।





