যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩


ঢাকাঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় বাস দুর্ঘটনার ‘খবর সংগ্রহ করতে যাওয়া’ একটি হেলিকপ্টার দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)সন্ধ্যা ৭টার কিছু আগে লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ঘটনাস্থলের ভিডিওতে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শুরুতে চ্যাটসওয়ার্থ এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। এসইউভি ও বাসের সংঘর্ষে ২জন নিহত এবং ৬জন আহত হন। ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলের আশপাশে কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার অবস্থান করছিল। দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি সেগুলোরই একটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হেলিকপ্টারটিতে কতজন আরোহী ছিলেন এবং সেটির মালিকানা কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।










