মাঝ আকাশে হঠাৎ নিয়ন্ত্রণ হারালো ভারতীয় উড়োজাহাজ


ঢাকা : থাইল্যান্ডের ফুকেট থেকে নতুন দিল্লির উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝআকাশে ভয়াবহ ঝাঁকুনির (টার্বুলেন্স) কবলে পড়েছিল।
উড্ডয়নরত অবস্থায় হঠাৎ ফ্লাইটটির উচ্চতা কমে যাওয়ায় কেবিনের ভেতরে চরম বিশৃঙ্খ অবস্থার সৃষ্টি হয়। এতে অন্তত ১০ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্যসহ মোট ১৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে একাধিক ব্যক্তির মাথা ফেটেছে। কয়েকজনের পিঠে গুরুতর আঘাত লেগেছে।
প্রত্যক্ষদর্শী এক ইতালীয় নারী যাত্রী আতঙ্কের বর্ণনা দিতে গিয়ে জানান, ঝাঁকুনির তীব্রতায় তার বোন আসন থেকে ছিটকে ওপরে উঠে যান এবং মাথার ওপরের লাগেজ বিনে গিয়ে ধাক্কা খান। চারপাশের যাত্রীদের চিৎকার, ভাঙচুর ও রক্তাক্ত অবস্থায় সবাই একসময় প্রাণ হারানোর আশঙ্কায় কেঁদে ফেলেন।
ঘটনার পরপরই এয়ারবাস এ৩২০ ফ্লাইটটি দিল্লিতে নিরাপদে অবতরণ করে এবং দ্রুত আহতদের বিমানবন্দরের জরুরি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের কয়েকজনকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল ও দিল্লির ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরি সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফ্লাইট রাডার সূত্রের তথ্যমতে, অবতরণের কিছুক্ষণ আগেই বিমানটির উচ্চতায় এই আকস্মিক পরিবর্তন ঘটে।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ-কে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার পাশাপাশি সাময়িক কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে এয়ার ইন্ডিয়া ও ডিজিসিএ যৌথ তদন্ত শুরু করেছে।










