৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেবে ইউএস-বাংলা


ঢাকাঃ আগামী ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলার সমমূল্যের লিজ নেওয়া উড়োজাহাজের আরও একটি বড় অর্ডার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
তবে নতুন এই চুক্তির আওতায় মোট কতটি উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত 'বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন' শীর্ষক নীতিবিষয়ক সংলাপে (পলিসি কনক্লেভ) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
পরবর্তীতে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে উড়োজাহাজগুলো বোয়িং নাকি এয়ারবাসের কাছ থেকে আনা হবে, সে বিষয়টি এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এর আগে, বহর সম্প্রসারণের অংশ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ১.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে ২১টি বোয়িং উড়োজাহাজ লিজে নেওয়ার ঘোষণা দিয়েছিল।
গত ২৯ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজিত সংস্থাটির 'বিয়ন্ড উইথ বোয়িং' অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। ওই চুক্তির আওতায় ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ
রয়েছে, যা ২০২৭ সালের শেষের মধ্যে উড়োজাহাজ সংস্থাটির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে মোট ২৫টি উড়োজাহাজ নিয়ে পরিচালিত ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের স্থানীয় উড়োজাহাজ সংস্থার মধ্যে সবচেয়ে বড় বহরের মালিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনসহ এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাগত বক্তব্য দেন।










