কাতারের দেওয়া নতুন উড়োজাহাজে প্রথম সফর ট্রাম্পের, প্রশংসায় পঞ্চমুখ


ঢাকাঃ পহেলা জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বোয়িং উড়োজাহাজে সফর
করেছেন।
উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ কর্মসূচিতে যাওয়ার
আগে তিনি বিমানটির উন্নত প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে বলেন, এত ব্যয়বহুল
উড়োজাহাজ তৈরি করা যুক্তরাষ্ট্রের পক্ষেও সহজ নয়।
প্রায় ৪০ কোটি মার্কিন ডলার মূল্যের এই
বিমানটি কাতার যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ায় আইনগত, নৈতিক ও জাতীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক
তৈরি হয়েছে। তবে ট্রাম্পের দাবি, বিমানটিকে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করে আধুনিক
নিরাপত্তা ও বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে।
ট্রাম্প জানান, বোয়িংয়ের প্রধান নির্বাহী
বিমানটির উচ্চমানের কথা জানানোর পর তিনি এটি কিছু সময়ের জন্য ব্যবহারের আগ্রহ প্রকাশ
করেছিলেন। পরে কাতারের আমির সেটি সাময়িকভাবে না দিয়ে যুক্তরাষ্ট্রকেই উপহার দেন।
বোয়িংয়ের নতুন প্রেসিডেন্টীয় উড়োজাহাজ
প্রস্তুত হতে আরও প্রায় দুই বছর লাগতে পারে। ততদিন পর্যন্ত এই কাতারি উড়োজাহাজটি সরকারি
সফরে ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে।












