কুনমিংয়ে দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো আজ শুরু


ঢাকাঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও প্রদর্শনী ‘দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো অ্যান্ড ৩০তম চায়না কুনমিং ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার ২০২৬’-এ থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আজ বুধবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী এ আয়োজন।এবারের প্রদর্শনীতে বাংলাদেশের রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইপিবির ব্যবস্থাপনায় এবং কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এ অংশগ্রহণের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ জুন পর্যন্ত চলা এ মেলা কুনমিংয়ের ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্যানুযায়ী, বিশ্বের ৬ দেশ থেকে প্রায় ২ হাজার ৩০০ প্রদর্শক এতে অংশ নিচ্ছে।
ইপিবি জানায়, এবারের মেলায় বাংলাদেশ থিম কান্ট্রি হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ৬ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি মূল মেলারও উদ্বোধন হবে। মেলার দ্বিতীয় দিন ‘বাংলাদেশ ডে’ পালন করা হবে।
অনুষ্ঠানগুলোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া ইউনান প্রদেশের গভর্নর এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেবেন।
‘বাংলাদেশ ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
বাংলাদেশ প্যাভিলিয়নে টেক্সটাইল, তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, হস্তশিল্প, পাট ও চামড়াজাত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্ভাব্য ক্রেতা, আমদানিকারক, পরিবেশক, বিপণনকারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবে। পাশাপাশি বিজনেস টু বিজনেস (বিটুবি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবে।





