ঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বিপর্যয়


ঢাকাঃ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশজুড়ে উড়োজাহাজ চলাচলও বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, উত্তাল ঢেউ উপকূলের বাড়িঘরে আছড়ে পড়ছে, আবার কোথাও শহরের রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষকে নৌকায় চলাচল করতে হয়েছে।
এদিকে দুর্যোগের প্রভাব পড়েছে উড়োজাহাজ চলাচলেও। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়। ওই দিনের নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-চতুর্থাংশ ছিল এই বাতিলের সংখ্যা। নানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ডের ছোট বিমানবন্দরগুলোতেও প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল হয়েছে।
ঝড়ের ধাক্কা লেগেছে সড়ক যোগাযোগেও। উপকূলের সরু দ্বীপগুলোর ওপর দিয়ে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে পানির তোড়ে পিচ উঠে গেছে বলে স্থানীয় পরিবহণ কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা গেছে। এতে কিছু দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।










