মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি


ঢাকাঃ দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের ককপিটে ২ পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ সময় উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। পরে মাত্র ২ মিনিটের মধ্যে উড়োজাহাজটি ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। এ ঘটনায় এটি ছিনতাই হয়েছে—এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটি জরুরি বার্তা পাঠানো হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, তখন উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। এরপর মাত্র ২ মিনিটের মধ্যে এটি নেমে আসে প্রায় ১৭ হাজার ফুটে।
প্রতিবেদন অনুযায়ী, ককপিটে ২ পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় উড়োজাহাজ থেকে পাঠানো জরুরি বার্তার কারণে এটি ছিনতাই হয়েছে বলে বিভ্রান্তি তৈরি হয়। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ উড়োজাহাজ ছিনতাইয়ের খবর অস্বীকার করে।
ঘটনার পর জর্ডানের আকাশসীমায় থাকা উড়োজাহাজটি হঠাৎ গতিপথ পরিবর্তন করে। পরে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে ইসরায়েল সংবাদমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজ ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ার পর ইসরায়েলি বিমানবাহিনীর কয়েকটি ফাইটার জেট সেটির নিরাপত্তায় এগিয়ে যায়। এ ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও জরুরি বৈঠক ডাকেন। তবে শেষ পর্যন্ত উড়োজাহাজটি নিরাপদে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।










